পটুয়াখালীতে আঞ্চলিক ইজতেমার আখেরী মোনাজাত

স্টাফ রিপোর্টার 3
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী

তারিখ: ২০১৭-০২-০৪ | সময়: ০৭:২৩:২৭


বার্তা রিপোর্ট ॥ আমিন, আমিন ধ্বনিতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় পটুয়াখালী বিমান অবতরণ কেন্দ্রে লক্ষাধিকের উপরে মুসুল্লীর সমাগমে আঞ্চলিক ইজতেমার আখেরী মোনাজাত সম্পন্ন হয়েছে। ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টায় মোনাজাত অনুষ্ঠিত। ১৫ মিনিটের মোনাজাতে দেশী-বিদেশী মুসুল্লীরা অংশগ্রহণ করেন। ইজতেমা মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।
জেলা ইজতেমার আখেরী মোনাজাতে অংশ নিতে আগত মুসল্লি ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল থেকেই ইজতেমা ময়দানের আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় সমবেত হন। মোনাজাত চলাকালীন বিমানবন্দর থেকে চৌরাস্তা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।
এর আগে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বায়ানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী জেলা ইজতেমা। ৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে জুমার নামাজেও প্রায় দেড় লক্ষাধিকের উপরে মুসুল্লী নামাজ আদায় করেন। ময়দানে দেশ-বিদেশের আলেমরা ইমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। তবলিগ জামাতের আহলে শুরা সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, জেলা ইজতেমার মাঠে অনুষ্ঠিত হয়েছে জেলার সর্ব বৃহত্তম জুমার নামাজের জামায়াত।
মোনাজাতে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদ, জাতীয় সংসদের চীপ হুইপ আ.স.ম ফিরোজ এমপি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক সিদ্দিকী, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মো. তারিকুজ্ঝামান মনি, বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ অক্টোবর পটুয়াখালীতে প্রথমবারের মতো জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মত শান্তিপূর্ণভাবে এবারও জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।





Comment Disabled

Comments