লাউকাঠীতে নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত নারী-পুরুষের মানববন্ধন
পটুয়াখালী বার্তা, পটুয়াখালী
তারিখ: ২০১৬-০৭-২৫ | সময়: ০৯:০১:৫৩
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী সদর উপজেলার ১নং লাউকাঠী ইউনিয়নের লাউকাঠী গ্রাম নদী ভাঙ্গনের কবল থেকে থেকে রক্ষা জন্য পাইলিং করার দাবিতে ভাঙ্গনের শিকার শত শত পরিবারের নারী-পুরুষ ও শিশুদের মানববন্ধন অনুষ্ঠিত।
২৫ জুলাই সোমবার বেলা ১১টায় পটুয়াখালী শহর ঘেষা লাউকাঠী নদীর উত্তর পাড়ের লাউকাঠী বাজার খেয়াঘাট থেকে পূর্বদিকে সরকারি বি.এ.ডি.সি.আর গোডাউন পর্যন্ত ৯১৫ মিটার দীর্ঘ নদীর পাড়ে ভাঙ্গনের শিকার শত শত পরিবার তাদের ভিটে বাড়ি, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, ব্যাংক, ক্লাব ও তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ লাউকাঠী গ্রাম রক্ষায় পাইলিং নির্মানের দাবিতে চারটি স্পটে মানববন্ধন করেছে শত শত নারী-পুরুষ ও শিশুরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মন্নান সিকদার, সাইফুল সিকদার, খলিল হাওলাদার, রাবেয়া বেগম, কোহিনুর বেগম, নিলু বেগম, রতন সিকদার বলেন, দীর্ঘ প্রায় ২৫/৩০ বছর ধরে লাউকাঠী নদীর ভাঙ্গনে শত শত মানুষের ঘরবাড়ি জায়গা জমি হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছি। নদীর ভাঙ্গন এখনও অব্যাহত আছে। এখন দ্রুত পাইলিং করা নাহলে লাউকাঠী বাজারসহ পুরো গ্রামটি নদীতে ভেংগে যাবে। ফলে আমাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না। তাই আমরা মানববন্ধন করে সরকারের কাছে দ্রুত পাইলিং করার জন্য জোর দাবি করছি। সরকার আমাদের দাবি পূরণ করবেন।
Comment Disabled



